জেলা প্রতিনিধি, পিরোজপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে আজ (২৬ জুলাই) সকালে তৃণা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, “আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। উন্নয়ন বঞ্চিত প্রত্যন্ত এই অঞ্চলে পাকা রাস্তা, ব্রিজ ও অবকাঠামোগত সুবিধা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আপনারা প্রতিটি ইউনিয়ন থেকে সমস্যাগুলোর তথ্য সংগ্রহ করে আমাদের দিন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বাস্তবায়নের।”
তিনি আরও বলেন, “এক বছর আগে জুম মিটিংয়ে আমরা মতবিনিময় করেছিলাম, আজ এতো সংখ্যক নেতা-কর্মী নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের পথ সুগম হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আল-আমিন সবুজসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মতবিনিময় সভার মাধ্যমে জনগণের চাহিদা সরাসরি জানা সম্ভব হচ্ছে, যা আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কার্যকর হবে। সরকারের চলমান প্রকল্পগুলোর সঙ্গে সমন্বয় করে স্থানীয় মানুষকে উপকৃত করাই হবে তাদের মূল লক্ষ্য।

