কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই আয়োজন করে মিরপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে।
অনুষ্ঠানে নারী অধিকার, মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার এবং মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক নিশান ইসলাম, মুখপাত্র সিলভিয়া সাথী, উপজেলা সংগঠক নিলয় আহমেদ, রনি আহমেদ, ছাত্রনেতা ফরিদ আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, “জুলাই মাসকে সমাজ গঠনের পুনর্জাগরণ মাস হিসেবে বিবেচনা করে আমরা সবাই মিলে একটি মানবিক, ন্যায়ের ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখবো। তরুণ সমাজ এবং নারীদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
আয়োজকরা জানান, এই শপথ গ্রহণ কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটানো এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

