আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটায় শনিবার (২৬ জুলাই) সকালে হামদান পরিবহন ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ থেকে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। হতাহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, হামদান পরিবহনটি সাতক্ষীরা থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিলো এবং বিপরীত দিক থেকে বিআরটিসি বাস সাতক্ষীরার দিকে আসছিল। চাঁদপুর মাদ্রাসা মোড়ের কাছে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় বাসের সামনের অংশ ভেঙে গিয়েছে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দেবহাটা ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। স্থানীয়রা অভিযোগ করেন, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কটি বড় বড় গর্তে ভরা এবং রাস্তার নাজুক অবস্থার পাশাপাশি অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
দুর্ঘটনার ফলে এলাকাবাসী নিরাপদ সড়কের দাবিতে অনড় রয়েছেন এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করেছেন।

