ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জনপ্রিয় ছাত্রনেতা ওমর ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে জেলা যুবদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন।
আলোচনা সভায় বক্তৃতা করেন ওমর ফারুকের পিতা সালাম সিকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, বিএনপি সদস্য রশিদুল ইসলাম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও প্রচার সম্পাদক মো. সরন প্রমুখ।
বক্তারা বলেন, ওমর ফারুক ছিলেন জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন প্রকৃত জাতীয়তাবাদী সৈনিক। তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতেন, তাদের সুখ-দুঃখে পাশে থাকতেন। তার জীবন ছিল দলের প্রতি নিবেদিত।
তারা আরও বলেন, বর্তমান ফরিদপুর যুবদলের যে সংগঠনিক ভিত্তি, তার পেছনে ওমর ফারুকের অবদান অনস্বীকার্য।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ওমর ফারুকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মো. আকরামুজ্জামান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

