মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে জাতীয় নির্বাচন কমিশনের নামে ভুয়া স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস ও বিয়ারসহ মনিরুজ্জামান (৪৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
রাজৈর থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। শনিবার সকালে দক্ষিণ বিদ্যানন্দী এলাকায় একটি মাইক্রোবাসের গায়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো অবস্থায় দেখতে পায় পুলিশ। সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৮ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “ভুয়া স্টিকার ব্যবহার করে নির্বাচন কমিশনের নাম ভাঙিয়ে চলাচল করছিল মাইক্রোবাসটি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।”

