মো.আলী আহসান রাজ
নেত্রকোণার সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানি। সোমবার (৪ আগস্ট, ২০২৫) সকালে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে র্যাবের একটি দল নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ময়ঝাউসি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা মোঃ জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে তার অটো চার্জার গ্যারেজের সামনে থেকে আটক করে। পরে তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি জামাল মিয়ার বাড়ি নেত্রকোণা জেলায়। তার বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

