যশোর প্রতিনিধি
যশোরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের অংশগ্রহণে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী পালন করা হয় নানা কর্মসূচি।
দিবসের শুরুতেই শহরের বকুলতলায় স্থাপিত শহীদ স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় আহত ও নিহত আন্দোলনকারীদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রশাসনিক কর্মকর্তারা।
এছাড়াও পৃথকভাবে বিএনপি ও জামায়াতে ইসলামী শহরে র্যালি বের করে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ এসব র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিগুলো শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক ঘুরে শহীদদের স্মরণে শপথ পাঠে মিলিত হয়।

