যশোর প্রতিনিধি
যশোরে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দুই স্থানে পৃথক বিজয় সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের টাউন হল ময়দান ও পালবাড়ী ভাস্কর্যের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক সরকার, ভোটের অধিকার, মানবিক ন্যায়বিচার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা। দেশে এখনো একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। তাই বিএনপির লক্ষ্য থেকে একচুলও পিছিয়ে আসা হবে না।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জনগণের অধিকার ও সম্মানের জন্য যারা জীবন বাজি রেখে লড়ছেন, তারা জাতির অমর সন্তান।”
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা জনগণের জন্য রাজনীতি করি। সমাজবিরোধী বা অপরাধী কেউ বিএনপিতে জায়গা পাবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ একটি সুখী-সমৃদ্ধশালী দেশ চায়। আওয়ামী ফ্যাসিবাদ যে দুঃশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আর কোনোদিন কেউ করতে পারবে না। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনদাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন—যশোর জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, যুবদল নেতা রবিউল ইসলাম রবি, তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দলের রয়েল, ছাত্রদল নেতা মাসুদ কাইজার ইফতি ও পিকুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম এবং শুরুতে কোরআন তেলাওয়াত করেন অধ্যাপক আমিনুর রহমান পিন্টু।
টাউন হল ময়দানে জেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। এক উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে সমাবেশ। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ধানের শীষ প্রতীক ও ফ্যাসিস্ট সরকারের সময় নিহতদের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন। শোভাযাত্রাটি শহরের দড়াটানা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে পালবাড়ি বিজয় সমাবেশস্থলে এসে মিলিত হয়।
সমাবেশ শেষে যশোর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

