সাতক্ষীরা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামে পারিবারিক কবরস্থানে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর নেতৃত্বে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে শহীদ আসিফ হাসানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা মাহমুদ আলম, জমজ ভাই রাকিব হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, কার্যনির্বাহী কমিটির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস.কে কামরুল হাসান, সদস্য আব্দুল গফুর সরদার, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, আব্দুল আলিম ও শাহ জাহান আলী মিটন প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ সকলের আত্মার শান্তি কামনা করা হয় এবং আহতদের সুস্থতা ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। এ সময় শহীদ আসিফের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর পিতার হাতে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান আসিফ হাসান। তিনি নর্দান ইউনিভার্সিটি ঢাকার ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ২০০৩ সালের ৫ আগস্ট দেবহাটার আস্কারপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ এবং তাঁর জমজ ভাই রাকিব হাসান।

