দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত বিভ্রান্তি ও নানা গুজবের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানাতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হিলি মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের আওতাধীন মিলিটারী ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস (এমএফআরও)-এর আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন এমএফআরও-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।
তিনি বলেন, “ঘোড়াঘাটের ৫টি প্রতিরক্ষা কলোনীর ১৩৭৫ একর জমি সরকারিভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এবং এটি কোনোভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়। এই জমি তিন বাহিনীর (সেনা, নৌ, বিমান) কল্যাণে ব্যবহৃত হচ্ছে এবং এমএফআরও নিয়মতান্ত্রিকভাবে আইন মেনে সকল কার্যক্রম পরিচালনা করছে।”
তিনি আরও জানান, কিছু স্বার্থান্বেষী ও দালাল চক্র সাধারণ মানুষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওই সরকারি জমিতে বসতি গড়ার প্রলোভন দেখাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এসব কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মেজর নাজমুল হায়দার।
তিনি বলেন, “৫টি কলোনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এমএফআরও-এর বিরুদ্ধে আইনের ব্যত্যয়ের কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং অধিকাংশ অভিযোগই ভিত্তিহীন ও বানোয়াট।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে জনগণকে সচেতন, দায়িত্বশীল এবং আইন মেনে চলার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

