নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আকাশ (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আকাশ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান গ্রামের হারুনুর রশীদের ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় প্রবাসী মোবারক আলী ওরফে বাহারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ তৃতীয় তলায় অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এসময় তার গলার নিচ দিয়ে বুকের ডান পাশে রড ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার জানান, মরদেহ থানায় আনা হয়েছে এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

