সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে সিদ্দিকুর রহমান (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানীনদীর চকশৈল্ল্যা ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে সে নিখোঁজ হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত সিদ্দিকুর রহমান বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় চকশৈল্ল্যা ব্রীজের নিচে কয়েকজন শিক্ষার্থী নদীতে গোসল করছিল। হঠাৎ সিদ্দিকুর নদীতে ঝাঁপ দিলে তারা চিৎকার শুরু করে। তাদের ডাক শুনে এলাকাবাসী ছুটে এলেও কিশোরটিকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

