কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেছেন, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে কাজ করা সম্ভব নয়। পুলিশ ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ না করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে না।
সোমবার (১৮ আগস্ট) আলফাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক নির্মূলের মূল ভিত্তি হলো তথ্য। জনগণ যদি নির্ভয়ে মাদক ব্যবসায়ীদের কার্যক্রম সম্পর্কে পুলিশকে তথ্য জানায়, তবেই মাদক নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র অভিযান বা গ্রেপ্তার পর্যায়ে সীমাবদ্ধ থাকা যাবে না। যুবসমাজকে সচেতন করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করা এবং মাদকাসক্তদের পুনর্বাসন—সবকিছুতে স্থানীয়দের সহযোগিতা জরুরি।
পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি সাফল্যমণ্ডিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অনুষ্ঠানে গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

