মাদারীপুর প্রতিনিধি
দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিবেশ সচেতনমূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র্যালি, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে জেলা স্বেচ্ছাসেবক দল।
নেতারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা হচ্ছে। তারা বলেন, স্বেচ্ছাসেবক দল ইতোমধ্যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। হামলা-মামলা, গুম-খুন উপেক্ষা করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকেছে এবং আগামীতেও বিএনপির পাশে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট আলিম চোকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি ও আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

