খালিদ হাসান, ঝালকাঠি প্রতিনিধি
“গাছ উপহার দেওয়ার ইভেন্ট” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে ‘ক্যাপ্টেন প্ল্যানেটের গাছের চারা বিতরণ কর্মসূচি’। পরিবেশ রক্ষা ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার পরমহল গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা সংগ্রহ করেন। কর্মসূচির আওতায় স্থানীয় মসজিদ-মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্যোক্তা, ক্যাপ্টেন প্ল্যানেট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক মো. শামসুল হক মনু বলেন,
“গাছ লাগানো একটি ছদকায়ে জারিয়া। যতদিন বাঁচব বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবো। একসময় এ গ্রামে প্রচুর গাছ ছিল, এখন ফলদ গাছের অভাব। ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশের কথা চিন্তা করেই প্রতিবছর চারা বিতরণ ও রোপণ করে যাচ্ছি। এ বছর এটি আমার প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি, যা সারা মৌসুম চলমান থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আবদুল রাজ্জাক তালুকদার, মো. শামছুল কবির তালুকদার, মো. মাঈনুল তালুকদার, ফোরকান তালুকদার ও শিক্ষক মো. বেলায়েত হোসেন।

