নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া আলোচিত নেতা কাউছার আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায়ই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে পলাশ থানা ও ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট এম.এ. বাছেদ এবং সঞ্চালনা করেন সম্প্রতি অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূঁইয়া।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—“যদি তিনি দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি পান, তবে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির সঞ্চালনার সুযোগ কিভাবে পেলেন?” অনেকে একে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার শামিল বলেও মন্তব্য করেছেন।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এ বিষয়ে বলেন, “বিষয়টি শুধু আমার একার নয়। দলের কারো আপত্তি না থাকায় কাউছার কার্যক্রমে অংশ নিচ্ছে।”
উল্লেখ্য, গত ২৫ মে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাউছার ভূঁইয়ার নেতৃত্বে মালিতা গ্রামের এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কাউছারসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ঘটনাটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক এমপি ড. আব্দুল মঈন খানের নির্দেশে ২৮ মে রাতে কাউছার ভূঁইয়াকে মৌখিকভাবে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে অব্যাহতির মাত্র তিন মাসের মাথায় তাঁর সঞ্চালনায়ই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দলীয় মহলে নতুন বিতর্ক তৈরি করেছে।

