টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুক্তিযোদ্ধাদের নতুন এ্যাডহক কমিটির সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। বুধবার (২০ আগস্ট) দুপুর ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নতুন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেন। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এম ফিরোজ মিয়া, সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর, সদস্য সিরাজুল হক, এসএম জায়েদ আলী, মুন্সি আবু বক্কর, লিয়াকত আলী, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানসহ আরও অনেকে।
মতবিনিময়কালে ইউএনও ফারজানা আক্তার বলেন, “বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”
উল্লেখ্য, গত ১১ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের নতুন এ্যাডহক কমিটির অনুমোদন দেয়। এতে বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা এনামুল হক লুৎফরকে সদস্য সচিব করে মোট ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়।

