শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে ইন্দিলপুর নতুন মসজিদ সংলগ্ন একটি ধানক্ষেতে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত খালেক ওই এলাকার মৃত জমর উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ১৭ আগস্ট (শনিবার) বিকেলে আব্দুল খালেক নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন (১৮ আগস্ট) তার বড় ছেলে রহমত উল্লাহ শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর এলাকাজুড়ে মাইকিং করেও কোনো খোঁজ মেলেনি।
২০ আগস্ট সকালে পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ধানক্ষেতের ভেতর অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান তারা। পরে নিহতের পরিবার গিয়ে মরদেহটি শনাক্ত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

