বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনে বরিশাল-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বাবুগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমির মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তৃতা দেন প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি বলেন, বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট বন্ধ হবে।
তিনি আরও বলেন, বরিশাল-৩ আসনের জনগণ আমাকে নির্বাচিত করলে তাঁদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আসন হিসেবে উপহার দিতে চাই।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবদুস ছালাম মাঝী, সুরা সদস্য হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন (আমার দেশ পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়া, আবু হানিফ ফকির, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, আবুল বাসার প্রমুখ।

