যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজ সিংগা উত্তরপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মোঃ মামুন (১০) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মামুন স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মামুন ঘরের খাটে ঘুমিয়ে ছিল। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। ছেলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখতে পান, সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে ও বলছে, “আমার লম্বা পানা কিছু একটা কামড়াইছে।”
প্রথমে স্থানীয়ভাবে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলেও সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবার দেখতে গ্রামবাসী ছাড়াও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন।
নিহতের চাচা মোঃ শাহাজান হোসেন বলেন, “প্রথমে ভাবছিলাম কোনো বিষাক্ত পোকা কামড় দিয়েছে, পরে যখন ছেলের শরীর খারাপ হতে থাকল, তখনই হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ রক্ষা হলো না।”
এলাকার বাসিন্দা মশিয়ার রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাপের উপদ্রব সম্প্রতি অনেক বেড়ে গেছে। এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

