জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দার গাইনের পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে সংঘবদ্ধ চক্র এই ঘটনা ঘটায়।
চুরি হওয়া বাড়ির সদস্যরা জানান, রাতে খাবার শেষে সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে যায় পরিবারের এক সদস্য কানিজ ফাতেমা মিমের। তিনি বলেন, “বারান্দার গ্রিল খোলা এবং ঘরের সবকিছু উলট-পালট দেখে ভয় পাই। অনেক ডাকাডাকির পরও দাদা-দাদী ও চাচা-চাচী সাড়া না দিলে বুঝতে পারি তারা অচেতন।”
পরে স্থানীয়দের সহায়তায় কোহিনুর বেগম (৬০), মনিরুল ইসলাম ও আসমা খাতুনকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে।
মুক্তিযোদ্ধার বড় মেয়ে পুতুল ও মিম সাংবাদিকদের জানান, ঘরের আলমারি ভেঙে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্ণের রুলি, চেইন, নেকলেস, ঝুমকা ইত্যাদি প্রায় ১১ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
এলাকাবাসীর মতে, দুর্বৃত্তরা বাড়ির পেছনের আমগাছে উঠে ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায়। মিমের ঘরের দরজা বন্ধ থাকায় সে রক্ষা পায়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসেও ওই বাড়ির গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন বলেন, “চুরির খবর পেয়ে এসআই অনাথ মিত্র ও এসআই ফয়সালকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

