হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। রবিবার (২৪ আগস্ট) বিকালে তিনি সরেজমিনে ঘুরে দেখেন বসতপুর ২নং কলোনি শরীফপুর, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া, টেংরা ও ৩নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকার শত শত পানিবন্দি পরিবার।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “মানুষ আজ চরম দুর্দশায় আছে। ঘরবাড়ি তলিয়ে গেছে, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটাচ্ছে অনেক পরিবার। এই সংকটে সকলকে মানবিক দায়িত্ববোধ থেকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময়ই সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন ত্রাণ, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।”
বন্যাদুর্গত এলাকাবাসী অভিযোগ করেন, প্রতি বছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতির শিকার হলেও কোনো টেকসই পদক্ষেপ নেওয়া হয় না। এবার পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় তারা সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, টানা বৃষ্টি ও উজান থেকে আসা ভারতীয় পাহাড়ি ঢলে শার্শার বহু গ্রাম প্লাবিত হয়েছে। হাজারো পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে। স্থানীয়দের মতে, দ্রুত পানি নিষ্কাশন ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া দুর্ভোগ পিছু ছাড়বে না।

