রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গায় ট্রাকচাপায় দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৫ আগস্ট) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

