অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।
জানা গেছে, হাজিপুর এলাকায় ফসলি জমির মাটি কাটার জন্য ভেকু মেশিন ব্যবহার করে জমির উপরের উর্বর স্তর ধ্বংস করা হচ্ছিল। সেই মাটি ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় ইটভাটাগুলোতে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজিপুর সান ব্রিকসের সঙ্গে জড়িত আরিফ নামে এক ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তার বিরুদ্ধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, “ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোনো আপস করা হবে না।”
উল্লেখ্য, কলাপাড়ার বিস্তীর্ণ ফসলি জমি থেকে প্রতিনিয়ত মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটাগুলোতে। এতে জমির উর্বরতা হ্রাস পাওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন ও পরিবেশ।

