হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কায়বা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— সাতক্ষীরা জেলার নলতা এলাকার মৃত ঝাড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার হুমায়ুন তারুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) এবং বেনাপোল পোর্ট থানার তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর নিকটে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে নানা উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।

