নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
কচুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
অভিযানের সময় শাপলা স্টোরের মালিক ইদ্রিস আলীকে এক হাজার টাকা, ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে মিরাজ স্টোরের মালিক মিরাজকে এক হাজার টাকা এবং নোমান স্টোরের মালিক নোমানকেও এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন,“জনস্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূত ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে কচুয়া বাজারে সচেতনতা বৃদ্ধি পায় এবং স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার প্রতি আগ্রহ দেখা যায়।

