শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। তিনি বলেন, “মাদক প্রতিরোধের সূচনা হোক ঘর থেকেই। অভিভাবকদের সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধই পারে সমাজকে মাদকমুক্ত করতে। দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করলে জিনারদী ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে।”
সভাপতির বক্তব্যে জিনারদী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ রাকীন মাশরুর খান বলেন, “মাদক একটি জাতীয় ব্যাধি। এ ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মনির হোসেন। তিনি বলেন, “পলাশ থানায় যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতিতে মাদক ও অপরাধ দমনে কাজ করছি। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।”
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, যিনি ইউনিয়নভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন এবং কমিটির কার্যক্রমের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ফিরোজ মোল্লা (সভাপতি, জিনারদী ইউনিয়ন বিএনপি), মোঃ মাসুদ খান (যুগ্ম আহ্বায়ক, যুবদল পলাশ থানা), মোঃ মোস্তফা কামাল (সাধারণ সম্পাদক, জিনারদী ইউনিয়ন বিএনপি), আরিফুজ্জামান মিয়া (সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলাম জিনারদী ইউনিয়ন), মাওলানা আমজাদ হোসেন (সভাপতি, ইসলামী ঐক্যজোট), বিজয় বণিক (সাবেক সভাপতি, কালী মন্দির জিনারদী ইউনিয়ন), কাউসার সরকার (সাংগঠনিক সম্পাদক, যুবদল), নাসির উদ্দিন (সহকারী শিক্ষক, গয়েশপুর পদ্মলোচন হাইস্কুল), রাজু আহমেদ (সাধারণ সম্পাদক, জিনারদী ইউনিয়ন যুবদল), মেহেদী খান (যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল পলাশ থানা) প্রমুখ।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “সমাজকে এই ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম।

