জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে খোলপেটুয়া নদীর ভেড়ী বাঁধে আবারও ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। হঠাৎ ফাটলের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধ ধসে পড়লে পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বেড়ী বাঁধে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্রতিদিন জোয়ারের পানির তীব্র চাপে ফাটল আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছে গ্রামবাসী। ফাটল ধসে গেলে নদীর পানি দ্রুত ভেতরে প্রবেশ করে গ্রাম প্লাবিত হতে পারে।
এর আগে গত বছর একই স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল। তখন ১১টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল ২১ হেক্টর জমির মৎস্য ঘের, হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল পার্শ্ববর্তী পাউবো বাঁধে। এমনকি বন্যার কারণে ঈদের নামাজও পড়তে পারেননি এলাকাবাসী।
এক বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষ এখনো দুর্বিষহ জীবন যাপন করছেন। তার ওপর নতুন করে বাঁধে ফাটল ধরা পড়ায় তারা হতাশায় নিমজ্জিত।
এলাকাবাসী অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন, যাতে ভেড়ী বাঁধ ভেঙে আবারও ভয়াবহ প্লাবন পরিস্থিতি সৃষ্টি না হয়।

