রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) এবং দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।
র্যাব জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই জনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা মেহেরপুর থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

