রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা খুলনার তেরখাদা উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সংস্কার কাজ। মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের এই রাস্তাটির উন্নয়নে কোনো সরকারি উদ্যোগ না থাকলেও, ব্যক্তিগত অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী পারভেজ মল্লিক।
বছরের পর বছর ধরে অবহেলিত থাকা রাস্তাটি বৃষ্টির মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এলাকাবাসীর অভিযোগ থাকলেও এতদিন দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এই বাস্তবতা সরেজমিনে পর্যবেক্ষণ করে রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নেন পারভেজ মল্লিক। তাঁর নিজস্ব অর্থায়নেই প্রকল্পের সব খরচ বহন করা হচ্ছে।
স্থানীয় পর্যায়ে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক কর্মী নিয়মিতভাবে কাজের অগ্রগতি ও গুণগতমান তদারকি করছেন। এতে উন্নয়ন কার্যক্রমের প্রতি স্থানীয় জনগণের আগ্রহ ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
পারভেজ মল্লিক অতীতেও মানবিক ও সামাজিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিভিন্ন উৎসব ও দুর্যোগকালীন সময়ে তিনি খাদ্যসামগ্রী, শীতবস্ত্র এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায়। তাঁর এই ধারাবাহিক কাজ তাঁকে এলাকার একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাস্তা সংস্কারের এই উদ্যোগকে তেরখাদার স্থানীয়রা একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে, মাঠপর্যায়ে এমন বাস্তবমুখী কাজ রাজনীতির প্রচলিত ধারা থেকে ভিন্ন একটি ইতিবাচক বার্তা দিতে পারে—যেখানে কেবল প্রতিশ্রুতি নয়, কার্যকর উদ্যোগ হয়ে উঠবে নেতৃত্বের পরিচয়।
পারভেজ মল্লিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তেরখাদার প্রতিটি ইউনিয়নে স্থানীয় চাহিদার ভিত্তিতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। বিশেষভাবে যেখানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে, সেসব স্থানে দ্রুত সমাধান প্রদানকে অগ্রাধিকার দেওয়া হবে।
নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই রাস্তা সংস্কার প্রকল্পটি একদিকে যেমন এলাকাবাসীর স্বস্তি ও সন্তুষ্টির কারণ হয়ে উঠেছে, অন্যদিকে এটি ব্যক্তি উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।

