বগুড়া প্রতিনিধি
বগুড়ায় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বেকারী মালিক সমিতির সভাপতি ও আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য সরবরাহ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বেকারী শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্যাস, বিদ্যুৎ, পানি ও বিভিন্ন কাঁচামালের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় এ খাত চরম সংকটে পড়েছে। এতে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নবিত্তরা ভোগান্তিতে পড়ছে। পাশাপাশি লাইসেন্সবিহীন ফুটপাত ও অনলাইন ব্যবসা এ শিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফলে উদ্যোক্তাদের ঋণের বোঝা বাড়ছে। তিনি বলেন, এ খাতকে টিকিয়ে রাখতে হলে কর কাঠামো ও কাঁচামালের মূল্য নিয়ন্ত্রণে সরকারি বিশেষ উদ্যোগ জরুরি।
সম্মেলনে বেকারী শিল্পের মানোন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচকরা নানা সুপারিশ উপস্থাপন করেন।
আলোচনা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন হাসান আলী আলাল, কার্যকরী সভাপতি রিয়াদ শহিদ শোভন, সাধারণ সম্পাদক মো: সেকেন্দার আলীসহ মোট ৩৯ সদস্যের একটি নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সম্মেলনে উত্তরবঙ্গের ১৬ জেলার বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

