Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সময় এসেছে রাজনৈতিক ঐক্যের’ — মিয়া গোলাম পরওয়ার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

দেশে ন্যায়ের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক প্রতিহিংসা, ঘুষ, লুটপাট ও দুর্নীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ও দেশপ্রেমিক শক্তিগুলোর মধ্যে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। এ ঐক্যের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি নতুন বাংলাদেশ—যেখানে থাকবে না অন্যায়, নিপীড়ন বা বৈষম্য।

শনিবার (১৩ সেপ্টেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক দুটি ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৮টায় খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং বিকাল ৫টায় ডুমুরিয়া মজিদিয়া সিনিয়র মাদরাসা মাঠে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, অতীতে জামায়াত ইসলামী যখন সরকারে অংশ নিয়েছিল, তখন দলের কোনো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। বরং তত্ত্বাবধায়ক সরকারের সময়েও তাদের সম্পূর্ণ স্বচ্ছতা খতিয়ে দেখা হয়, এবং কোনো অনিয়মের প্রমাণ মেলেনি।

তিনি মনে করেন, নৈতিকতা ও স্বচ্ছতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে জনগণের আস্থা ফেরানো সম্ভব। এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, আলেম-উলামা ও জনগণের সম্মিলিত ভূমিকা।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার আমলে দেশের ইসলামপন্থি রাজনীতিবিদ, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালানো হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতার জায়গা সংকুচিত করা হয়েছে। এমনকি কারাবন্দি অবস্থায় আলেমদের মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে, যা জনগণের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে অতীত সাংসদকালীন সময়ে ডুমুরিয়ায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর এলাকার সড়ক সংস্কার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, নতুন বিদ্যুৎ সংযোগ ও মহিলা মাদরাসা প্রতিষ্ঠাসহ একাধিক কার্যক্রম তিনি হাতে নিয়েছিলেন।

তিনি আশা প্রকাশ করেন, জনগণ যদি আবার তাকে সুযোগ দেয়, তাহলে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো শেষ করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল গণি খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির প্রমুখ।

এছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও সভায় বক্তব্য রাখেন। তাদের ভাষ্যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।

সমাবেশ শেষে মিয়া গোলাম পরওয়ার খলশী ক্যাডেট স্কিম মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মুফতি সাইফুল্লাহ, নায়েবে মুহতামিম মুফতি আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও মুফতিগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।