মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ঐতিহ্যবাহী বাগেরহাটের একটি সংসদীয় আসন বাদ দেয়ার প্রতিবাদে এবং চারটি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের মোল্লাহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় কমিটি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা নির্বাচন অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা পরিষদের প্রধান প্রবেশদ্বার ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। তিনি বলেন, “বাগেরহাটের ঐতিহ্য, ইতিহাস ও জনগণের ন্যায্য অধিকার রক্ষায় চারটি সংসদীয় আসন পূর্বের মতো বহাল রাখতে হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।”
এ সময় উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদারসহ সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মোল্লাহাটসহ বাগেরহাট জেলায় সর্বাত্মক হরতাল পালিত হবে।

