কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতবাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ভাইদের লাঠির আঘাতে নিহত হয়েছেন ব্যবসায়ী আনন্দ ঘোষ (৪৫)। গত রোববার রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুধীর ঘোষের ছেলে আনন্দ ঘোষের সঙ্গে তার তিন ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষ (৩০)-এর দীর্ঘদিন ধরে ছাদের পানি পড়া নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে বৃষ্টি হলে এ নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাই গৌরাঙ্গ, কালা, যুগল ঘোষসহ ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে আনন্দ ঘোষকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ অভিযোগ করে বলেন, “ছাদের পানি পড়া নিয়ে দেবর ও ভাসুররা আমার স্বামীকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।”
নিহতের স্কুলপড়ুয়া মেয়ে অথৈ ঘোষ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা আমাকে নার্স বানাতে চেয়েছিলেন। কিন্তু আমার কাকা ও কাকাতো ভাইরা মিলে বাবাকে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই।”
প্রতিবেশী বাচ্চু হাওলাদার জানান, “এ বিষয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু কেউ সিদ্ধান্ত মানেনি। শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি পড়া নিয়ে ভাই-ভাতিজাদের হাতে আনন্দকে জীবন দিতে হলো।”
ঘটনার পর অভিযুক্ত গৌরাঙ্গ, কালা ও যুগল ঘোষকে নিজ বাড়িতে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

