মো.আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুত্রবধূ ও তার ভাইয়ের বিরুদ্ধে স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী নাসির আহমেদের মা নাসিমা বেগম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সরাইল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
নাসিমা বেগম বলেন,“আমি সরাইল সদর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিনের মেয়ে। বর্তমানে আমরা মিরপুর, ঢাকায় বসবাস করি। ২০২২ সালের ১৭ নভেম্বর আমার ছেলে নাসির আহমেদ সরাইলের স্বল্পনোয়াগাঁও গ্রামের মৃত সাদেক মিয়ার মেয়ে কবিতা বেগমকে বিয়ে করে।”
তিনি জানান, বিয়ের পর কিছুদিন সংসার করলেও জীবিকার তাগিদে প্রায় ৯ মাস আগে নাসির প্রবাসে যান। এই সুযোগে পুত্রবধূ কবিতা বেগম গত ৮ ফেব্রুয়ারি পারিবারিক অনুষ্ঠানের কথা বলে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান এবং আর ফিরে আসেননি।
পরবর্তীতে কবিতা সংসারে ফিরে না এসে উল্টো প্রবাসী স্বামী নাসিরের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। স্বর্ণালংকার ফেরত চাইলে কবিতা ও তার ভাই জুয়েল মামলা ও হামলার হুমকি দিতে থাকেন বলে দাবি করেন নাসিমা বেগম।
তিনি আরও জানান,“পুত্রবধূ কবিতা ও তার ভাই জুয়েলের বিরুদ্ধে আমরা আদালতে প্রতারণা মামলা দায়ের করি। পরে জানতে পারি, তারা স্বর্ণালংকার বন্ধক রেখে দেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে।”
এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের মধ্যস্থতায় একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে কবিতার ভাই জুয়েল উপস্থিত হলেও সমাধানের পথে না গিয়ে উচ্চবাক্যে সালিশ অমান্য করে স্থান ত্যাগ করেন বলে অভিযোগ উঠে।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে কবিতার ভাই জুয়েল সকল অভিযোগ অস্বীকার করেন।

