কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ২০ সেপ্টেম্বর শনিবার সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মাঝে চারা বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন উপকারভোগীর মাঝে আম, কাগজি লেবু, সুপারি ও পেয়ারার চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। প্রচণ্ড তাপদাহ ও বিদ্যুৎ বিভ্রাটের মাঝেও তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ক্লাবের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
চারা বিতরণ শেষে এক মতবিনিময় সভায় ইউএনও অনুজা মন্ডল বলেন, “এই কাজটি আসলে উপজেলা প্রশাসনের হলেও সাংবাদিকরা এই উদ্যোগ নিয়ে সমাজকে যে বার্তা দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। সাংবাদিকরাই সমাজের চোখ, তাদের দৃষ্টিতেই প্রশাসন গঠনমূলক কাজ করতে পারে।” তিনি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা তদন্ত হারুনুর রশিদ মৃধা, শেখ সাদিকুর রহমান, আহাদুজ্জামান আহাদ, মো. জেহের আলী, শেখ আব্দুর রহমান, সোহরাব হোসেন সবুজ, শেখ শরিফুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ।
চারা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। আসমা খাতুন, বিলকিস পারভীন, খান আব্দুর রহমান, খান আব্দুল কুদ্দুসসহ অনেকেই জানান, “আমাদের সামান্য জমি আছে, আমরা গাছগুলো যত্ন সহকারে রোপণ ও পরিচর্যা করব।”
সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক আবু হাসান। স্বাগত বক্তব্যে রিপোর্টার্স ক্লাব সভাপতি নিয়াজ কওছার তুহিন ক্লাবের কর্মকাণ্ড তুলে ধরেন এবং বলেন, “২০০৭ সালের এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে রিপোর্টার্স ক্লাবের জন্ম। শুরু থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছি। আগামীতেও সমাজ গঠনে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে মতবিনিময় সভা, সাংবাদিক পরিচিতি এবং মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

