মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের গৃহবধূ সাথী আক্তার স্বরুপজান হত্যা মামলায় তার সৎ ছেলে জিসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু ও সতীন সোমা বেগমের অব্যাহতির আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত শেষে সম্প্রতি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার এসআই তারা মিয়া।
আসামি জিসান হচ্ছেন খাটুয়াডাঙ্গা গ্রামের চালকল মালিক আব্দুর রশিদ মিন্টুর প্রথম পক্ষের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত সাথী আক্তার স্বরুপজান ছিলেন আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী। তিনি মিন্টুর রাইস মিলের পাশেই একটি ঘরে বসবাস করতেন। পারিবারিক বিরোধ ও কলহের জেরে গত ২৭ এপ্রিল রাতে স্বরুপজানকে নির্মমভাবে হত্যা করা হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই শহিদুল ইসলাম মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে স্বরুপজানের স্বামী আব্দুর রশিদ মিন্টু, সতীন সোমা বেগম ও সৎ ছেলে জিসানকে আসামি করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটনার দিন সন্ধ্যায় রান্নাঘর থেকে শীল নিয়ে ঘুমন্ত অবস্থায় সৎ মা স্বরুপজানের মাথায় আঘাত করে জিসান। পরে ধস্তাধস্তির একপর্যায়ে খাটের নিচ থেকে চাইনিজ কুড়াল বের করে গলায় একাধিক কোপ দিয়ে স্বরুপজানকে হত্যা করে সে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে আটককৃত জিসানের স্বীকারোক্তি ও সাক্ষীদের বিবৃতির ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দেয়।
অপরদিকে, তদন্তে হত্যার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় স্বামী ও সতীনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
চার্জশিটে জিসানকে গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা এসআই তারা মিয়া।

