Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে মগ্ন শিল্পীরা। ইতোমধ্যে প্রতিমাগুলোর মাটির কাঠামো তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই শুরু হবে রং ও সাজসজ্জার কাজ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, শিল্পীরা কেউ কাদা তৈরি করছেন, কেউ প্রতিমার বিভিন্ন অঙ্গ বানাচ্ছেন, আবার কেউ অলঙ্কার তৈরিতে ব্যস্ত। কারিগররা বলছেন, পূজার সময় খুব কাছাকাছি চলে আসায় সময় মতো প্রতিমা মণ্ডপে পৌঁছে দিতে দিনরাত কাজ করে চলেছেন তারা।

কালাই পৌরসভার প্রতিমা কারিগর সুমল চন্দ্র কর্মকার বলেন, “আমি ১৬ বছর ধরে প্রতিমা তৈরি করছি। সারা বছর খুব একটা কাজ না থাকলেও দুর্গাপূজায় কিছুটা উপার্জন হয়, যা দিয়ে সংসার চালাই।” এ বছর তিনি ১১টি প্রতিমা তৈরির কাজ করছেন বলে জানান।

আরেক শিল্পী মাধব চন্দ্র বর্মণ বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে প্রতিমা তৈরি করছি। তবে এ বছর দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় খরচ বেশি পড়ছে, অথচ মজুরি আগের মতোই। তারপরও চাহিদা গত বছরের তুলনায় কিছুটা বেশি।”

কালাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী উওম কুমার মহন্ত (বিটল) জানান, এবছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে:

  • কালাই পৌরসভায় ২টি

  • আহম্মেদাবাদ ইউনিয়নে ৫টি

  • মাত্রাই ইউনিয়নে ৯টি

  • উদয়পুর ইউনিয়নে ৫টি

  • পুনট ইউনিয়নে ৫টি

  • জিন্দারপুর ইউনিয়নে ৪টি

তিনি বলেন, “সকল পূজামণ্ডপে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।”

কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, “পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কোনো নিরাপত্তার ঘাটতি থাকবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান জানান, “শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে।”

প্রতিবছরের মতো এবারও সরকার থেকে মন্দির ও মণ্ডপগুলোর জন্য উপহার বা অনুদান দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তালিকা অনুযায়ী সংশ্লিষ্টদের তা সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।