নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক এবং প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী হাসান।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহামুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মো. মামুনুর রশীদ,প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী,সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা আছিয়া বেগম,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,রাজনৈতিক নেতৃবৃন্দ: উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,উপজেলার ৪৩টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় ইউএনও মো. আলী হাসান বলেন,“দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক থাকবে।”
তিনি আরও বলেন,“সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে গুজব বা অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”
সভায় বক্তারা পূজামণ্ডপে বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং প্রশাসনের সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন।
সভা শেষে শান্তিপূর্ণ, গুজবমুক্ত ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে সকলের সম্মিলিত ভূমিকা প্রত্যাশা করা হয়।

