রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক সম্প্রীতি ও মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি নাহিদ হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতৃবৃন্দ মাওলানা এমএ হাফিজ, আব্দুস সামাদ লিটন, মুজাহিদুল ইসলাম রাগীব, আব্দুল আজিজসহ স্থানীয় নেতারা।
পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শংকর কুমার বালা, কৃষ্ণ মেনন রায়, সমীর ঢালী, নির্মল অধিকারী, বিপুল মল্লিক, পলাশ চন্দ্র পাল, গৌড় পদ বিশ্বাস, দেব খামারি ও নৃপেন্দ্র নাথ শিকদারসহ উপজেলার ছয়টি ইউনিয়নের পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ জোরদারের বিষয়ে আলোচনা হয়।
জামায়াত নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও সভায় জানানো হয়। এ ছাড়া অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এই সভাকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় বিভিন্ন মহল।

