সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক, পরানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বলের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে স্কুলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে শিক্ষক মাহফুজুর রহমান উজ্জ্বল স্কুলে আসেননি। তার হাজিরা খাতায় রয়েছে নিয়মিত স্বাক্ষর, যদিও তিনি স্কুলে উপস্থিত নন। কোথাও কোথাও মেডিকেল ছুটির কথা উল্লেখ থাকলেও অনেক মাসে স্বাক্ষর করা হয়েছে তার অনুপস্থিতিতে।
স্কুলে না আসলেও মাহফুজুর রহমান নিয়মিত বেতন উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। এর পেছনে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের সহায়তা থাকার কথাও জানা গেছে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতার দাপটে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না।
পরানপুর উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মাহফুজুর রহমান উজ্জ্বলের বেতন উত্তোলনের জন্য হাজিরা খাতা নিয়ে গিয়ে স্বাক্ষর করিয়ে আনেন। এ জন্য তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের শিকার হয়েছেন।
অভিযোগ সম্পর্কে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, “মাহফুজুর রহমান উজ্জ্বল স্কুলে না আসলেও তার বেতন চালু রয়েছে। তার বদলে স্কুলে একজন প্রক্সি শিক্ষক রাখা হয়েছে।” তবে তিনি স্পষ্টভাবে বলতে পারেননি কিভাবে হাজিরা খাতায় স্বাক্ষর করা হয়।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ বলেন, “স্কুলে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর করার সুযোগ নেই। প্রক্সি শিক্ষক রেখে অনুপস্থিত শিক্ষককে দিয়ে স্বাক্ষর করানো যাবে না। প্রধান শিক্ষক কেন এমন করেছেন তা আমার জানা নেই। আমরা তদন্ত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

