যশোর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে যশোর জেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি দেওয়া বা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসপি রওনক জাহান আরও জানান, যশোর জেলার ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের জন্য চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি মাঠে থাকবে ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম। নিয়মিত তল্লাশি চালানো হবে। পুলিশ পূজা উৎযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
তিনি বলেন, “অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম ২৪ ঘন্টা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে।”
এসপি জানান, পূজামণ্ডপগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মন্দিরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের সমাগম বেশি হয়। এছাড়া পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট কমিটিকে সরকারি নির্দেশনা অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে স্বেচ্ছাসেবী ও স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া হবে।
মাদকের বিরুদ্ধ জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও উল্লেখ করে তিনি বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি প্রত্যেকের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।” এছাড়া বিষয়টি নিয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সাথেও কথা হয়েছে বলে জানান।
মতবিনিময় সভায় এসপি রওনক জাহান জেলা পুলিশের সাম্প্রতিক সফল অভিযানের কথা তুলে ধরেন। তিনি মণিরামপুর থানায় বাবার হাতে মেয়েকে হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামি আটক, ডাকাতি ও ছিনতাইকারী আটকসহ বিভিন্ন অভিযানের অগ্রগতি তুলে ধরেন।
পরিশেষে তিনি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে। অপরাধীর ধর্ম বা বর্ণ নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এসপি সকলের প্রতি আহ্বান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করবেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।

