আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণের মহতী উদ্যোগকে আরো এক ধাপ এগিয়ে নিতে তালবীজ বোপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শাহজাদপুরের মাওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজ চত্বরে তালবীজ বোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান।
গত পাঁচ বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে ও শিক্ষা প্রতিষ্ঠানে তালবীজ বোপন করে আসছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ। এ পর্যন্ত তিনি প্রায় ৬০ হাজারের অধিক তালবীজ রোপণ করেছেন, যার মধ্যে ইতোমধ্যে ১৫ হাজারের বেশি গাছ বেড়ে উঠেছে এবং দৃশ্যমান হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, রফিক আবু সালেহ এবং সাংবাদিক সবুজ হোসেন রাজা (সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কেন্দ্রীয় কমিটি)। কলেজের ছাত্র-ছাত্রীরাও এ সময় অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ কামরুজ্জামান বলেন, “সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই উদ্যোগ প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় তালগাছের গুরুত্ব অপরিসীম। শুধু বজ্রপাত প্রতিরোধেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলদ গাছ হিসেবে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন তাঁর এই মহতী কাজের পাশে থেকে সবসময় সহযোগিতা করে যাবে।”
সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “সিরাজগঞ্জ জেলায় গত কয়েক বছরে বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি পুষ্টিগুণে ভরপুর একটি ফল। তাই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় তালবীজ বোপনের এই কর্মসূচি গ্রহণ করেছি।”
তিনি আরও জানান, এ বছর তিনি ১০ হাজার তালবীজ বোপনের লক্ষ্য নির্ধারণ করেছেন এবং আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তা শুরু হলো।

