রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ইলেকট্রনিক শকসহ অন্যান্য অবৈধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে, খুলনার তেরখাদায় মো কামপুর বাজারে যৌথ অভিযান চালানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামানের দিকনির্দেশনায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ জাল ব্যবসায়ী বিল্লাল বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৬টি চায়না জাল এবং ২৯টি কারেন্ট জালের বাণ্ডিল।
অভিযানে উপস্থিত ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার মো. মুজাহিদুল ইসলাম এবং চিফ পেটি অফিসার মো. হাফিজুর রহমান। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, তেরখাদা, খুলনা ও মোকামপুর ক্যাম্পের ফোর্স অভিযানটিতে সহায়তা প্রদান করেন।
উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, “দেশীয় মাছ রক্ষা এবং প্রাকৃতিক জলজ প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান অব্যাহত থাকবে।”
এছাড়া, তিনি জানান যে, অবৈধভাবে মাছ ধরা এবং পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলছে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোরভাবে প্রতিরোধ কার্যক্রম চালিয়ে যাবে।
এ ধরনের অভিযান মৎস্য সম্পদ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এটি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

