সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকেই একযোগে কাজ করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন মাগুরা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্জ কাজী সালীমুল হক কামাল।
বৃহস্পতিবার বিকেলে মহম্মদপুর উপজেলা সদরের আর এস কেএইচ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের ষড়যন্ত্রে আমাকে মিথ্যা মামলায় নির্বাচনের বাইরে রাখা হয়েছিল। তবে এবার দল আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ, আপনার সহযোগিতায় আমি বিপুল ভোটে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।”
কাজী সালীমুল হক কামাল আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। তিনি নেতাকর্মীদের মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বও স্মরণ করান।
উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব শরিফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নয়ন বলেন, দলীয় মধ্যে বিভাজন না করে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ভাগাভাগি করে কাজ করলে মহম্মদপুরে ধানেরশীষের বিজয় নিশ্চিত হবে।
সভায় যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এতে যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল ও শ্লোগান নিয়ে উপস্থিত হয়ে পুরো এলাকা ধানেরশীষের সমর্থনে মুখরিত হয়ে ওঠে।
সভা শেষে কাজী কামাল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “এবারের নির্বাচন শুধু প্রার্থী নির্ধারণের বিষয় নয়, এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। তাই মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” কর্মীসভা শেষে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে আবারও কাজী কামালকে মাগুরা-২ আসনের প্রার্থী করার দাবি জানান।

