জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার শ্রীউলায় বিদ্যালয় পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ (Water, Sanitation and Hygiene) সুবিধার সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II)’ প্রকল্পের আওতায় ওয়াশ ব্লক সংস্কার কাজ বাস্তবায়ন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজেক্ট কো-অর্ডিনেটর এস এম মনোয়ার হোসেন নবনির্মিত ওয়াশ ব্লকের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার গাইন বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ৪৩২ জন শিক্ষার্থী রয়েছে। স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে আমরা আগে সমস্যায় ছিলাম। প্রায় পাঁচ লাখ টাকার এই সংস্কার কাজ আমাদের জন্য এক বড় আশীর্বাদ। আমরা ইএসডিও ও মুসলিম এইডের এ সহযোগিতা ভুলব না।”
প্রজেক্ট ম্যানেজার মো: শামসুল হক মৃধা বলেন, “ইএসডিও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এখন সুস্থ ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই ওয়াশ ব্লক সংস্কার কাজ বিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্য আলাদা আলাদা দুইটি ব্লক নির্মাণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

