Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, সংস্কার ও মানবিক সহায়তা কার্যক্রমে ব্যস্ত স্থানীয়রা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর ও অভয়নগরের সীমান্তবর্তী ৯৬টি গ্রামের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মশিয়াহাটীতে শুরু হয়েছে ১০২তম শারদীয় দুর্গোৎসব। রবিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে মশিয়াহাটী আঞ্চলিক দুর্গাপূজা উদ্যাপন কমিটির উদ্যোগে ১৪ গ্রামের একমাত্র পূজা শুরু হয় মশিয়াহাটী দুর্গামন্দিরে।

তবে এবারের উৎসবে কিছুটা ভাটা পড়েছে ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার কারণে। তারপরও ঐতিহ্যকে ধরে রাখতে নানা আয়োজন করা হয়েছে। পূজামণ্ডপ চত্বরে বসেছে মেলা, পাশাপাশি চলছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্যাপন কমিটির সম্পাদক কাজল বৈরাগী জানান, সপ্তমীতে ‘সীমানা সাংস্কৃতিক সংগঠন’, অষ্টমীতে ‘মশিয়াহাটী থিয়েটার’, এবং নবমীতে ‘মশিয়াহাটী সাংস্কৃতিক পরিষদ’ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করবে। পূজা-পরবর্তী একাদশী ও দ্বাদশীতে অনুষ্ঠিত হবে যাত্রাপালা।

এদিকে মহাষষ্ঠীর দিন মশিয়াহাটী দুর্গামন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ করেছেন পোড়াডাঙ্গা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ। তার আয়োজনে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুল ইসলাম, মশিয়াহাটী কলেজের সাবেক অধ্যক্ষ মনিশান্ত মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক আশুতোষ বৈরাগী, মুক্তিযোদ্ধা নারায়ণ বৈরাগীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া শারদীয় দুর্গোৎসবের ভক্ত ও দর্শনার্থীদের চলাচলে যেন অসুবিধা না হয়—সে চিন্তা থেকেই মশিয়াহাটী-কালিবাড়ি সড়কের তিন কিলোমিটার সংস্কার কাজ ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করেছেন মেজর (অব.) মোস্তফা বনি। প্রায় এক বছর ধরে এই রাস্তায় খানা-খন্দ ও জলাবদ্ধতায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটে আসছিল। কেউ এগিয়ে না আসায় পূজাকে কেন্দ্র করে তিনি নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে চাই এবং আমৃত্যু সেবা করে যাবো।” তার এই মহৎ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

অন্যদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দেখা গেছে মানবিক সহায়তা কার্যক্রম। শনিবার বিকেলে হরিদাসকাটি ইউনিয়নে জামায়াতের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্ম পরিষদের সদস্য এড. গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম শামীম, কর্ম পরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দিন, ও স্থানীয় ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা রোজউল করিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।