নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে নাসিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান গ্রামের জামালের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা একই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাতে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর নাসিমা স্বামীকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যান। গোসল শেষে স্বামী ঘরে ফিরে ঘুমিয়ে পড়লেও নাসিমা পুকুরেই কাপড় ধোয়া শুরু করেন। পরে রাত ৪টার দিকে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে।
চরজব্বার থানার ওসি মো. শাহীন মিয়া জানান, নিহতের স্বজনেরা এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

