বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আঞ্জয়ারা খাতুন (শিমুল) নামে এক নারীকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই আপন ভাই আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাত’মাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত আঞ্জয়ারা খাতুন শার্শা থানায় আসাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আঞ্জয়ারা খাতুন তার ভাই আসাদকে ১০ লাখ টাকা দেন। কিন্তু বিদেশে পাঠানোর ব্যবস্থা না করে টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে আসাদ ও তার স্ত্রী আঞ্জয়ারাকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তার মাথায় ৮-৯টি সেলাই দেন।
স্থানীয়রা জানান, আসাদুজ্জামান আসাদ আগে বিদেশে ছিলেন। এক বছর আগে তিনি একটি মানবাধিকার সংস্থার কার্ড সংগ্রহ করে নিজেকে মানবাধিকারকর্মী পরিচয় দিতে শুরু করেন। কখনো আবার সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তার বিরুদ্ধে অতীতে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। আম ব্যবসায়ী আবু ছিদ্দিকসহ কয়েকজন পূর্বেও শার্শা থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সে সময় প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় তার প্রতারণার খবর প্রকাশিত হয়েছিল।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাটির একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

