মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে নেহালপুর কালীবাড়ি এলাকার তরুণ পালের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণ পাল জানান, দুর্বৃত্তরা রান্না ঘরে রাখা রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। বিষয়টি বুঝতে না পেরে সোমবার রাত ১০টার দিকে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে ঘুমের মধ্যেই চোরচক্র বসতঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে শোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও গরু বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
তরুণ পাল বলেন, “রাতে খাবার খাওয়ার পর আমাদের মাথা ঘোরাচ্ছিল, বমি ভাব হচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর দেখি শোকেস ভাঙা, জিনিসপত্র এলোমেলো। সবকিছু লুট করে নিয়ে গেছে চোরেরা।”
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তরুণ পালের স্ত্রী রান্না শেষ করে খাবার রান্নাঘরে রেখে দেন। ধারণা করা হচ্ছে, এরপর চোরচক্র রান্নাঘরের পেছনের জানালা ভেঙে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে লুটপাট চালায়। ঘটনাস্থল থেকে শাবল ও সেলাই রেঞ্জ ফেলে গেছে দুর্বৃত্তরা।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে সকালে মনিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামানসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পাঁচজন চেতনানাশক মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে তরুণ পালের মেয়ে ও নাতি এখনও পুরোপুরি সুস্থ হয়নি।
তিনি আরও জানান, পরিবারের দাবি অনুযায়ী প্রায় ৫-৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট হয়েছে। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

